স্টাফ রিপোর্টার
, যশোর
অভয়নগরে বৃদ্ধ পিতাকে ভরণপোষণ না দেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগে ছেলে মিন্টু বিশ্বাসের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করা হয়েছে। অভয়নগরের দিঘীরপাড় গ্রামের ভুক্তভোগী বৃদ্ধ আজগর আলী বুধবার (১ জুলাই) এ মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন অভয়নগর থানার ওসিকে।
মামলার অভিযোগে জানা গেছে, আজগর আলী একজন দরিদ্র কৃষক। দীর্ঘদিন কষ্ট করে ছেলেকে লালন-পালন করলেও বর্তমানে ছেলে তাকে ভরণপোষণ, চিকিৎসা ও প্রয়োজনীয় খরচ দিতে অস্বীকৃতি জানায়। পাশাপাশি বসতভিটার সম্পত্তি মিন্টু বিশ্বাসের নামে লিখে দেওয়ার জন্য বিভিন্ন সময় চাপ ও ভয়ভীতি প্রদর্শন করে।
গত ২৫ জুন সকালে আজগর আলী বাড়িতে খাবার খাওয়ার সময় আসামি আবারও বসতভিটার জমি তার নামে রেজিস্ট্রি করে দিতে বলে। এতে রাজি না হওয়ায় ছেলে মিন্টু তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গলায় গামছা পেঁচিয়ে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।
বৃদ্ধ আজগর আলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে মিন্টু কোন রকমের হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার ব্যর্থ হয়ে তিনি আদালতে মামলা করেছেন।