ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
পানিবন্দী ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ।
সোমবার বিকেল থেকে ঝিকরগাছা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তিনি নিজে উপস্থিত থেকে পানিবন্দী পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
বিতরণ করা প্যাকেজে ছিল দশ কেজি চাল, এক লিটার ভোজ্যতেল, এক কেজি লবণ, এক কেজি চিনি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াসহ প্রায় সাড়ে ১৪ কেজি খাদ্যসামগ্রী।
ত্রাণ বিতরণ করা হয় পৌরসভার এক নম্বর ওয়ার্ডের শান্তিনগর, দুই নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর, চার নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর মাঠপাড়া, ছয় নম্বর ওয়ার্ডের মোবারকপুর কলেজপাড়া ও কপোতাক্ষপাড় এলাকা, সাত নম্বর ওয়ার্ডের পুরন্দরপুর সাদ্দামপাড়া এবং এবং নম্বর ওয়ার্ডের হাজেরালি এলাকার মোট ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুরাদুন্নবী মুরাদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, পিআইও প্রকৌশলী জালাল আহমেদ, মো. অলিয়ার রহমান, শিউলী খাতুন, জাইকার প্রতিনিধি দুলাল দেবনাথ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আঁখি খাতুনসহ স্থানীয়রা।