যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় ‘জুলাই শহীদ দিবস’ পালন

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০১:১৪ পিএম
মাগুরায় ‘জুলাই শহীদ দিবস’ পালন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় শহরের ঢাকা রোডস্থ পানি উন্নয়ন বোর্ড পার্কে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।

জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, মাগুরা পৌরসভা, মাগুরা প্রেসক্লাব, সরকারি কলেজ, পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা ক্রীড়া অফিস, সিভিল সার্জনের কার্যালয় ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের নোমানী ময়দান সংলগ্ন জেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন ডা. শামীম কবির এবং মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, "ছাত্র-জনতার অভূতপূর্ব গণআন্দোলনের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। ঐতিহাসিক এই জুলাই আন্দোলনে সারা দেশের পাশাপাশি মাগুরা জেলায়ও ১০ জন বীর সন্তান তাঁদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের এই মহান আত্মত্যাগ জাতি চিরদিন পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।" শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

উক্ত অনুষ্ঠানে জুলাই বিপ্লবের বীর যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

এছাড়া, জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বাদ জোহর জেলার সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। পাশাপাশি শহীদদের স্মরণে স্থানীয় মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)