যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দক্ষিণ-পশ্চিমে জুলাই শহীদ দিবস পালিত

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ১২:০১ এ এম
দক্ষিণ-পশ্চিমে জুলাই শহীদ দিবস পালিত

বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। গৃহীত কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি, স্মৃতিচারণ, রক্তদান, পুরস্কার বিতরণ, বিশেষ দোয়া। আমাদের স্টাফ রিপোর্টার, অফিস ও প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে বিস্তারিত:

যশোর
জুলাই শহীদ দিবস উপলক্ষে যশোরে জেলা প্রশাসন ও জেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ কর্মসূচি পালিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নেতৃত্বে র‌্যালিটি শহরের বকুলতলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর পৌরসভার প্রশাসক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের বীর যোদ্ধা, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

অপরদিকে, সকাল সাড়ে ১০টার দিকে যশোর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে লালদীঘির পাড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র‌্যালি বের হয়। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে র‌্যালিটি বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে দলের সর্বস্তরের নেতাকর্মীরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির সিদ্দিকী বাচ্চু, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদার হোসেন, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি এম. তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসন ও বিএনপির উভয় কর্মসূচিই অত্যন্ত শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়েছে।

খুলনা

দিবসটি উপলক্ষে সকালে নগরীর জিয়া হল প্রাঙ্গণে নবস্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান। বিশেষ অতিথি হিসেবে সভায় বিভাগীয় কমিশনার, ডিআইজি, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার, জুলাই বিপ্লবের বীর যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে নগরীর শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) খুলনা জেলা ও মহানগর কমিটি। একই সঙ্গে বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা সিটি করপোরেশন (কেসিসি), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), খুলনা মহানগর বিএনপি ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় উপস্থিত সর্বস্তরের মানুষ জুলাইয়ের শহীদদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগর আমির অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান নগরীর সোনাডাঙ্গাস্থ বসুপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনের অন্যতম শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।

পাইকগাছা (খুলনা)

খুলনার পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, রুহুল আমিন গাজী, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক এবং জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জুলাই বিপ্লবের অমর শহীদ রাকিবুল ইসলামের মা রেবেকা খাতুন এবং শহীদ নবীনুরের স্ত্রী আকলিমা বেগম ও কন্যাসন্তান ফাহিমা আক্তারসহ শহীদ পরিবারের সদস্যরা। স্মৃতিচারণ করতে গিয়ে তারা আবেগঘন কণ্ঠে জুলাই আন্দোলনের সেই দিনগুলোর কথা এবং শহীদদের মহান আত্মত্যাগের কথা তুলে ধরেন। এ সময় মিলনায়তনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পাইকগাছা উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আশরাফুল ইসলাম রাহমানী।

কেশবপুর (যশোর)

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রেক্সোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কাজী মেশকাতুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছাম্মৎ রোকসানা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডাবলু, জামায়াতে ইসলামীর পৌর আমির মো. জাকির হোসেন, এনপিপির মো. সম্রাট হোসেন, বিএনপি নেতা নুরুজ্জামান চৌধুরী এবং সাংবাদিক রুহুল কুদ্দুস প্রমুখ।আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত জুলাই যোদ্ধাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

মাগুরা

ঢাকা রোডস্থ পানি উন্নয়ন বোর্ড পার্কে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, মাগুরা পৌরসভা, মাগুরা প্রেসক্লাব, সরকারি কলেজ, পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা ক্রীড়া অফিস, সিভিল সার্জনের কার্যালয় ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের নোমানী ময়দান-সংলগ্ন জেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন ডা. শামীম কবির এবং মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দিন। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের বীর যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং সুধীজন উপস্থিত ছিলেন। শহীদদের স্মরণে স্থানীয় মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুরে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে মহেশপুর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং জুলাই বিপ্লবের বীর যোদ্ধারা উপস্থিত ছিলেন। প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডালিম উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে তাদের স্বপ্ন বাস্তবায়নে এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মেহেরপুর

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মেহেরপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আরিফ খান, জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং জেলা জাসাসের সভাপতি বাকা বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

কালিয়া (নড়াইল)

জুলাই শহীদ দিবসে নড়াইলের কালিয়ায় আলোচনাসভা, দোয়া মাহফিল এবং জুলাই যোদ্ধা রবিউল ইসলাম লিমনের কবর জিয়ারত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী, নড়াগাতী থানার ওসি মো. আব্দুর রহিম, পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, জুলাইযোদ্ধা মো. বাপ্পী, ইমরান শেখ, জাহিদুর রহমান, জুলাই যোদ্ধা পরিবারের সদস্য শারমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

লোহাগড়া (নড়াইল)

জুলাই শহীদ দিবস উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তাদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার এতে সভাপতিত্ব করেন। উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা যুব দলের আহবায়ক খান মাহমুদ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামচুল হক আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর প্রমুখ। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)