ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ। সভায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত ঝিকরগাছার শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের বাবা নওশের আলী, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, তরুণ উদ্যোক্তা সাইদ হাফিজ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন ও আব্দুল্লাহ আল মামুন আকাশ এবং বিএম হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এস. এম. সাদিক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, উপজেলা প্রকৌশলী সয়ফুল ইসলাম মোল্লা, যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ -এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গোলাম কাদির, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাকিবুল ইসলাম, ইন্সট্রাক্টর শিউলি খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা নান্নু রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়ালিউর রহমান, সমবায় কর্মকর্তা নুরুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা শামছুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা সম্পা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী, জুলাই আন্দোলনে আহত প্রতিনিধিরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন অ্যাকাডেমিক সুপারভাইজার ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. কামরুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও শহিদদের অবদান তুলে ধরার পাশাপাশি তাঁদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
এর আগে অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ জিয়ারুল হক পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং শিক্ষার্থী শুভদীপ ঘোষ পবিত্র গীতা পাঠ করেন।
আলোচনা সভা শেষে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ জিয়ারুল হক।