স্টাফ রিপোর্টার
, যশোর
শ্রদ্ধা ও ভালোবাসায় পালন করা হয়েছে যশোরের প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী।
দিনটি উপলক্ষে সাংবাদিকরা কালো ব্যাজ ধারণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। পরে তার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের নেতৃত্বে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিরা কারবালা কবরস্থানে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। প্রেসক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, গ্রামের কাগজ, দৈনিক স্পন্দন ও রাতদিন নিউজের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর প্রেসক্লাব যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন সাংবাদিকরা।

আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক শামছুর রহমানের হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে না পারায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তারা বলেন, বিগত সরকারের কাছে বারবার বিচার চেয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি, যা অত্যন্ত দুঃখজনক।
তারা বর্তমান সরকারের কাছে সাংবাদিক শামছুর রহমান হত্যার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু এবং সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের নেতৃত্বে শহীদের কবরে পুষ্পার্ঘ অপর্ণ করা হয়। এ সময় আরও অংশ নেন প্রেসক্লাব যশোরের সহসভাপতি শেখ দিনু আহমেদ, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, সংবাদপত্র পরিষদ যশোরের সভাপতি ও প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি গোপীনাথ দাস, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু প্রমুখ।
এছাড়া, দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক সাইফুল আলম মুকুল মিলনায়তনে যশোর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।