স্টাফ রিপোর্টার
, যশোর
হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবির মধ্য দিয়ে যশোরের অকুতোভয় সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে প্রেসক্লাব যশোরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন কালো ব্যাজ ধারণ, শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটি পালন করে।
সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবে সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করেন। এরপর একটি শোক র্যালি নিয়ে শহরের কারবালা কবরস্থানে যান। সেখানে শহীদ শামছুর রহমানের কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকনেতারা। পরে প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্মরণসভায় সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ সাংবাদিক শামছুর রহমান হত্যা মামলার বিচার দীর্ঘ ২১ বছর ধরে ঝুলে আছে। বারবার দাবি জানানো সত্ত্বেও আজ পর্যন্ত এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়নি। দীর্ঘ সময়েও বিচার না পাওয়ায় সাংবাদিক সমাজ ও শহীদ পরিবারের স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
২০০০ সালের ১৬ জুলাই রাতে দৈনিক জনকণ্ঠের যশোর অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন পত্রিকাটির বিশেষ প্রতিনিধি শামছুর রহমান। বর্তমানে আইনি জটিলতার কারণে মামলাটির বিচার প্রক্রিয়া উচ্চ আদালতে আটকে আছে।
স্মরণসভায় সাংবাদিক নেতারা এই আলোচিত হত্যাকাণ্ডের বিচার না হওয়ার পেছনে রাষ্ট্রের সদিচ্ছার অভাবকে দায়ী করেন।
প্রেসক্লাব যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই স্মরণ সভায় স্মৃতিচারণ করেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাবেক সভাপতি মনোতোষ বসু, আমিনুর রহমান মামুন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুনুর রশিদ প্রমুখ।