সাতক্ষীরা প্রতিনিধি
কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রাম থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর সাতক্ষীরার খেজুরডাঙ্গা এলাকা থেকে আমিরন নেছা (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক থেকে মাত্র ১০০ গজ দূরে খেজুরডাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত একতলা ভবনের ভেতর থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, গত ১৩ জুলাই বৃদ্ধা আমিরন নেছা কলারোয়ার লোহাকুড়া গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর বুধবার রাতে সাতক্ষীরা শহর বাইপাস সড়কের পাশে খেজুরডাঙ্গা গ্রামের ওই পরিত্যক্ত একতলা ভবনের ভেতরে এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে তার চিকিৎসা সংক্রান্ত কিছু কাগজপত্র পাওয়া যায়। পরবর্তীতে খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মরদেহটি দুই দিন আগে নিখোঁজ হওয়া আমিরন নেছার বলে শনাক্ত করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
ময়নাতদন্তের আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।