মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আরিসান নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঝিনাইদহে মহেশপুর উপজেলায় বাঁশবাড়িয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আরিসান শ্রীপুর গ্ৰামের মনিরুজ্জামানের কন্যা।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমেছিল আরিসান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির লোকজন পুকুর পাড়ে গিয়ে শিশুটিকে না পেয়ে পুকুরের পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।
শিশুটির অকাল মৃত্যুতে তার পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিশু আরিসানের মৃত্যুর এ খবর নিশ্চিত করেছেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু।