কেশবপুর (যশোর) প্রতিনিধি
স্রোতের তোড়ে ভেসে যাওয়া সাগরদাঁড়ীর কপোতাক্ষ নদের ওপর নির্মিত সাঁকোটি মেরামতে এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
যশোরের কেশবপুর ও সাতক্ষীরার তালা উপজেলার একমাত্র সংযোগকারী ছিল এই সাঁকোটি। এটি দিয়ে দিয়ে প্রতিদিন দুই উপজেলার ২০ গ্রামের শত শত মানুষ যাতায়াত করতো।
বৃহস্পতিবার পর্যন্ত সাঁকোটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
গত কয়েক দিনের ভারী বর্ষণের ফলে নদে সৃষ্ট প্রবল স্রোত ও উপচে পড়া পানিতে গত ১৩ জুলাই রাতে ১৮০ ফুট দীর্ঘ ওই সাঁকোটি ভেসে যায়। এতে দুই পাড়ের প্রায় ২০ গ্রামের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে নৌকায় পারাপার হচ্ছে দুই পাড়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের মধুমেলাকে কেন্দ্র করে কেশবপুর উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক লাখ ১০ হাজার টাকা ব্যয়ে তিনশ’ বাঁশ ও কাঠের পাটাতন দিয়ে কপোতাক্ষ নদের ওপর সাঁকোটি পুনর্নির্মাণ করা হয়। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে নদে তীব্র স্রোতের সৃষ্টি হলেও সাঁকোর নিচে বাঁশে আটকে যায় কচুরিপানা।
স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করলেও সময়মতো কচুরিপানা সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরে স্থানীয় কয়েকজন কচুরিপানা সরাতে গেলে একটি মহল তাদের সরিয়ে দেয়। ওই রাতেই ভেসে যায় সাঁকোটি।
এদিকে সাঁকোটি ভেঙ্গে যাওয়ায় সাতক্ষীরার তালা উপজেলার সারসা, সরুলিয়া, সেনেরগাতি, ধানদিয়া ও কুঠিরঘাটা এবং কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী, কোমরপোল, চিংড়া, বগা, নেহালপুর, মহাদেবপুর ও রেজাকাটি প্রায় ২০ গ্রামের মানুষ চরম বিপাকে পড়েছেন। তারা ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছেন।
সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দাস বলেন, সাঁকোটি ভেঙে পড়ায় সাতক্ষীরা জেলার শিক্ষার্থীরা ঝুকি নিয়ে নৌকায় করে প্রতিষ্ঠানে আসছেন।
সাগরদাঁড়ী বাজার কমিটির সভাপতি ইউপি সদস্য সুভাষ দেবনাথ জানান, ওপারের গ্রাম গুলোর অর্থনৈতিক ও ব্যবসা প্রতিষ্ঠান সাগরদাঁড়ী বাজারকেন্দ্রিক। সাঁকোটি ভেঙে পড়ায় ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে।
তিনি নিজ উদ্যোগে মাঝি ও জেলেদের নিয়ে কচুরিপানা সরাতে গেলে একটি মহল তাদের নিরুৎসাহিত করে ফিরিয়ে দেন।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, অতিবৃষ্টি ও কপোতাক্ষের উপচেপড়া পানি ও কচুরিপানার চাপে ধসে গেছে সাগরদাঁড়ী-সারসা সংযোগকারী সাঁকোটি। সাঁকোটি যতো দ্রুত সম্ভব মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে।