মাগুরা প্রতিনিধি
বিদ্যুতায়িত শিশুসন্তান ও স্ত্রীকে বাঁচাতে বিদ্যুতায়িত হয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। বুধবার সকালে শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত অপূর্ব বিশ্বাস শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত অমাল বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর ৫টার দিকে স্ত্রী দিপা বিশ্বাস তার দেড় বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে নিজ বাড়ির ওপরের একটি জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছিটকে পড়েন। তার চিৎকারে ঘুম থেকে উঠে আসেন অপূর্ব। স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেই জড়িয়ে পড়েন বৈদ্যুতিক তারে। পরিবারের সদস্যরা উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ‘খবরটি শুনেছি। তবে এ ব্যাপারে পরিবারে পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।’
এদিকে স্ত্রী, মাসহ পরিবারের তিন সদস্যের একমাত্র উপার্জনক্ষম অপূর্বর অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।