স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে পুলিশের আয়োজনে নবাগত রেঞ্জ ডিআইজি’র আগমন উপলক্ষে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের সদ্য যোগদানকৃত ডিআইজি মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, আমি কখনোই চাই না কোনো পুলিশ সদস্যের জন্য বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নষ্ট হোক। উপস্থিত সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি।
সদস্যদের কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সকল ন্যায়সংগত ও যৌক্তিক দাবি পূরণে সর্বদা আপনাদের পাশে থাকবো।
এর আগে, রেঞ্জ ডিআইজি যশোর জেলায় আগমন করলে পুলিশ অফিসার্স মেসে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ ও নন-পুলিশ সদস্যবৃন্দ তাদের সার্বিক কল্যাণমূলক সুবিধা-অসুবিধা ও নানা প্রস্তাব তুলে ধরেন। ডিআইজি অত্যন্ত মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং বেশ কিছু দাবির তাৎক্ষণিক সমাধান কল্পে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অন্যান্য যৌক্তিক আবেদনগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন।