কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ক্লে ক্রাফটের নিপুণ ছোঁয়ায় শিক্ষার্থীদের হাতে জীবন্ত হয়ে উঠেছে ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় নানা নিদর্শন। কোথাও পবিত্র কাবা শরিফ, কোথাও মসজিদুল আকসা, আবার কোথাও বাইতুল মুকাদ্দাসের প্রতিরূপ।
ধর্মীয় স্থাপনার পাশাপাশি ইসলামের শিক্ষা, ধর্মীয় অনুষঙ্গ, বিজ্ঞান ও শিক্ষামূলক নানা বিষয়ও স্থান পেয়েছে তাদের শিল্পকর্মে।
শিক্ষার্থীদের এমন সৃজনশীল আয়োজন অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় অবস্থিত আল-কলম মডেল মাদরাসায়।
দিনব্যাপী এ প্রদর্শনীতে ১৭টি স্টলে শিক্ষার্থীরা তুলে ধরে সাড়ে ৩৫০টি শিল্পকর্ম।
ক্লে, কাগজ, ফোমসহ বিভিন্ন উপকরণে তৈরি এসব শিল্পকর্মে ফুটে উঠেছে তাদের মেধা, মনন ও সৃজনশীলতার পরিচয়। রঙিন মাটিতে তৈরি মসজিদ, সুউচ্চ মিনার, গম্বুজ ও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার প্রতিরূপ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
প্রদর্শনীতে স্থান পায় মৃত্যুর পর গোসল, কাফন-দাফন ও জানাজার মতো ধর্মীয় বিধিবিধানের চিত্রও। পাশাপাশি সৌরজগৎ, বিজ্ঞান ও শিক্ষামূলক বিভিন্ন বিষয় নিয়ে তৈরি করা হয় আকর্ষণীয় শিল্পকর্ম।
শিক্ষার্থীদের হাতে তৈরি এসব নিদর্শন দেখতে মাদরাসায় ভিড় করেন অভিভাবক ও দর্শনার্থীরা। ব্যতিক্রমী এ আয়োজন ঘুরে দেখে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন তারা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় শিক্ষা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার লক্ষ্যেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ তৈরি হলে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়বে। এ ধরনের আয়োজন তাদের সৃজনশীল কাজে আরও উৎসাহিত করবে।
আল-কলম মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মাদ সাঈদুর রহমান বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সৃজনশীল কাজে উৎসাহিত করতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এর মাধ্যমে তারা ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি বিভিন্ন বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবে।