স্টাফ রিপোর্টার
, যশোর
শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রতিভা বিকাশের লক্ষ্যে যশোরসহ সারাদেশে ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) যশোর শহরের চাঁচড়া এলাকার তানযীমুল কুরআন মাদরাসা কেন্দ্রসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়।
আইডিয়াল এডুকেশন সোসাইটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ১১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশ নেয়।

সকাল থেকেই বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পর্যবেক্ষকেরা পরীক্ষার সার্বিক কার্যক্রম তদারক করেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি, আত্মবিশ্বাস তৈরি এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ পাচ্ছে।
‘আলোর পথে, জ্ঞানের সাথে’ স্লোগান নিয়ে আইডিয়াল এডুকেশন সোসাইটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে।