স্টাফ রিপোর্টার
, যশোর
শিক্ষার্থীদের মৌসুমি ফলের সঙ্গে পরিচিত করা, পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দেশীয় ফলের প্রতি আগ্রহ তৈরি করতে গ্রীষ্মকালীন ফল উৎসবের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর।
বৃহস্পতিবার (১১ জুন) স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে ১৪টি স্টলে প্রায় ৪৫ ধরনের দেশীয় মৌসুমি ফল প্রদর্শন করা হয়।
আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল, পেঁপে, তালের শাঁস, কামরাঙা এবং বিলুপ্তপ্রায় মেওয়াসহ নানা ধরনের ফল প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের এসব ফলের বাংলা ও ইংরেজি নাম, পুষ্টিগুণ এবং মানবদেহে এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত ধারণা এবং পরে শিক্ষার্থীদের মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন করা হয়।
স্কুলের অধ্যক্ষ প্রফেসর মো. সারাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর আহমাদ। তিনি বলেন, সুস্থ ও সফল জীবন গড়তে পরিমিত খাদ্যাভ্যাস এবং মৌসুমি ফল খাওয়ার বিকল্প নেই। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নিয়মিত পর্যাপ্ত পানি পান ও স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দেন।
উপস্থিত ছিলেন সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান, স্কুলের চেয়ারম্যান আবু ফয়সাল, নির্বাহী সচিব গাউসুল আজম, রেজওয়ান হোসেন, আব্দুল্লাহিল মুজাহিদ।