স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথমদিন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এদিন বাংলা প্রথমপত্রে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
২৪০ কেন্দ্রে ৮৬ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে দুই হাজার ৭৮ জন অনুপস্থিত।
যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম হোসেন আলী সুবর্ণভূমিকে বলেন, প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৮৬ হাজার ৭৮৪ জনের। এর মধ্যে দুই হাজার ৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। যার মধ্যে খুলনায় ৪৮টি কেন্দ্র থেকে ৪২২ জন, বাগেরহাটের ২৩ কেন্দ্র থেকে ১৫৩ জন, সাতক্ষীরার ২৩ কেন্দ্র থেকে ২৪১ জন, কুষ্টিয়া ২৪ কেন্দ্র থেকে ২৪৬ জন, চুয়াডাঙ্গার ১২ কেন্দ্র থেকে ১৩১ জন, মেহেরপুরের আট কেন্দ্র থেকে ৫৭ জন, যশোরের ৫২ কেন্দ্র থেকে ২৯৭ জন, নড়াইলের দশ কেন্দ্র থেকে ১০১ জন, ঝিনাইদহের ২৬ কেন্দ্র থেকে ২৮৬ জন এবং মাগুরার ১৪ কেন্দ্র থেকে ১৪৪ জন অনুপস্থিত রয়েছে।
পরীক্ষায় অসদুপায়ের দায়ে ঝিনাইদহের বারবাজার কেন্দ্র থেকে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
যশোর বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মো. নিয়ামত ইলাহী জানান, শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি বাংলার প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।