যশোর, বাংলাদেশ || বুধবার, ৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে সংঘর্ষ, সাংবাদিকদের ওপর হামলা

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৭:৫৮ এ এম
আপডেট : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০১:৪২ পিএম
যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে সংঘর্ষ, সাংবাদিকদের ওপর হামলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সংবাদকর্মীদের ওপর হামলা চালায় মারমুখী শিক্ষার্থীরা। একই সঙ্গে সাংবাদিকদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়।

গত মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে আর্জেন্টিনা বনাম মিসরের মধ্যকার ফুটবল ম্যাচ প্রদর্শনকালে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জিমনেসিয়ামে ফুটবল খেলা চলাকালীন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে পিএমই বিভাগের শিক্ষার্থীরা জিমনেসিয়ামের বাইরে অবস্থান নেন। এ সময় এআইএস বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল্লাহ জিমনেসিয়াম থেকে বের হয়ে শহীদ মিনারের কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা পিএমই বিভাগের শিক্ষার্থীরা তার ওপর হামলা চালায়। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা এই মারধরের ভিডিও ধারণ করতে গেলে উত্তেজিত শিক্ষার্থীরা তাদের ওপর চড়াও হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় পেশাগত দায়িত্ব পালনরত দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মো. ইমরান হোসেন, দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মো. সাব্বির আহম্মেদ এবং সংবাদ পরিক্রমার প্রতিনিধি মাহফুজুল ইসলামের ওপর উপর্যুপরি আক্রমণ, হুমকি ও মারধর করা হয়।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীদের মধ্যে ছিলেন, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিবরিয়া, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহাদ হোসেন সৈকত, পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের সুজয় দাস এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাফিজসহ আরও কয়েকজন। অভিযুক্ত মাহাফিজ বর্তমানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) স্নাতকোত্তরের শিক্ষার্থী।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কিবরিয়ার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল কেটে দেন। অন্য অভিযুক্ত মাহাফিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অপর অভিযুক্ত আহাদ হোসেন সৈকত অভিযোগ অস্বীকার করে বলেন, আপনারা টাকা খেয়ে হলুদ সাংবাদিকতা করেন। আমি কোনো সাংবাদিককে মারিনি।

হামলার শিকার দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মো. ইমরান হোসেন বলেন, খেলা দেখাকে কেন্দ্র করে এআইএস বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহর সঙ্গে কিছু শিক্ষার্থীর বাগ্‌বিতণ্ডা হয়। পেশাগত দায়িত্ব পালনের জন্য আমি ঘটনাস্থলে উপস্থিত থেকে ভিডিও ধারণ করছিলাম। এর কিছুক্ষণ পর হামলাকারীরা জিমনেসিয়ামের বাইরে অবস্থান নেয়। সাইফুল্লাহ বাইরে বের হলে শহীদ মিনারের পাশে ৮-৯ জন তাকে অতর্কিতভাবে কিল-ঘুষি ও লাথি মেরে মারধর শুরু করে। এই ঘটনার ভিডিও ধারণ করার সময় হামলাকারীরা আমার দিকে তেড়ে আসে। এ সময় পিএমই বিভাগের শিক্ষার্থী কিবরিয়া আমার পেটে সজোরে লাথি মারে এবং কিল-ঘুষি উঁচিয়ে ভিডিও ধারণ বন্ধ করতে বলে। পেশাগত দায়িত্ব পালনে আমার ওপর এমন হামলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি সাব্বির আহম্মেদ বলেন, আমি দায়িত্ব পালন করতে গেলে তারা ক্যামেরা দেখে আমার ওপর চড়াও হয়। আমার কাঁধে বেশ কয়েকবার আঘাত করে পেছনে সরিয়ে দেয় এবং বারবার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে আহাদ সৈকত নামে এক শিক্ষার্থী উগ্র আচরণ করে আমার ফোন কেড়ে নিতে আসে।

সংবাদ পরিক্রমার প্রতিনিধি মাহফুজুল ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে আমার দুই সহকর্মীর ওপর হামলা শুরু হলে আমি মোবাইলে ভিডিও ধারণ করতে থাকি। ঠিক তখনই দুজন ব্যক্তি উগ্রভাবে আমার দিকে তেড়ে এসে ধমকের সুরে বলে, 'মোবাইল নামান, আমি ভাঙব আপনার মোবাইল, জোকারি চলে এখানে?' এই বলে তারা আমাকে হেনস্তা করে এবং কাজে বাধা দেয়।'

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে আমি অবগত আছি এবং এটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এটি নিয়ে আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি। আগামী কার্যদিবসে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আমাদের কাছে ভিডিওসহ প্রয়োজনীয় যতগুলো তথ্য-প্রমাণ রয়েছে, সবগুলো পর্যালোচনা করে দ্রুতই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)