স্টাফ রিপোর্টার
, যশোর
চিকিৎসক ঊষার আহ্বানে সাড়া দিয়ে যশোরের ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে সংগঠনটির প্রায় ৬০০ স্বেচ্ছাসেবী নদের দড়াটানা অংশে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের প্রাথমিক চিকিৎসাসেবা দিচ্ছেন যুব রেড ক্রিসেন্ট যশোরের সদস্যরা।
আয়োজকেরা জানান, নদের প্রাণ ফিরিয়ে আনা এবং পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সকাল থেকেই খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা বিডি ক্লিনের তরুণ-তরুণীরা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে কচুরিপানা অপসারণের কাজ শুরু করেন। কয়েক ঘণ্টার সম্মিলিত চেষ্টায় নদের একটি বড় অংশ কচুরিপানামুক্ত করা সম্ভব হয়েছে। তাদের এ সুশৃঙ্খল উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের প্রশংসা কুড়িয়েছে।

ভৈরব নদ রক্ষায় তরুণদের এ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে চিকিৎসক ঊষা বলেন, ‘প্রথম দিন থেকেই আমরা বিডি ক্লিনের মতো একটি বড় ও সুশৃঙ্খল দলের অংশগ্রহণ প্রত্যাশা করছিলাম। যশোরের ৩৬ লাখ মানুষের মধ্যে কর্মক্ষম ব্যক্তিরা যদি অন্তত এক মিনিট সময় নিয়ে নদের পাড়ে এসে একটি করে কচুরিপানাও তোলেন, তবে কাজটি অনেক সহজ হয়ে যায়।’
তিনি আরও বলেন, দেশে ভৈরবের মতো প্রায় ৯৭টি নদ-নদী আজ মৃতপ্রায়। নিজেদের ভবিষ্যতের স্বার্থেই ভৈরব নদকে বাঁচিয়ে রাখতে হবে।
বিডি ক্লিনের খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়ক সুদীপ বিশ্বাস বলেন, ‘ভৈরব নদের প্রাণ ফিরিয়ে আনতেই আমরা বিভাগের বিভিন্ন জেলা থেকে এখানে এসেছি। নদের পানিতে বা পাড়ে যেন আর ময়লা-আবর্জনা ফেলা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।’

বিডি ক্লিনের যশোর জেলা সমন্বয়ক চামেলী আক্তার নদের দুই পাড়ের ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর মালিকদের উদ্দেশে বলেন, ‘নদ ডাস্টবিন নয়, এখানে হাসপাতালের বর্জ্য বা ময়লা ফেলা ঠিক নয়। দুই পাড়ের প্রতিষ্ঠান ও বাসিন্দারা নিজ নিজ জায়গা থেকে এক ফুট করে পরিষ্কার রাখলেও নদটি পরিচ্ছন্ন হয়ে যাবে। আমরা শুধু একটি জাগরণ তৈরি করে দিয়ে যাচ্ছি; এরপর নদটি পরিষ্কার রাখার দায়িত্ব যশোরবাসীর।’
যুব রেড ক্রিসেন্ট যশোরের যুব প্রধান হুমায়ুন কবির জানান, পরিচ্ছন্নতা অভিযানে কাজ করতে গিয়ে আহত বা অসুস্থ হওয়া স্বেচ্ছাসেবীদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা দিতে তারা মাঠে রয়েছেন। ইতিমধ্যে দুজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।