পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছায় টানা তিন দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অসময়ের এ বৃষ্টিতে মাঠে থাকা পাকা আমন ধান, শীতকালীন সবজি ও ইটভাটার ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
পাশাপাশি কাজকর্ম বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যরাত থেকে উপজেলায় বৃষ্টি শুরু হয়, যা আজ শনিবার (২১ নভেম্বর) বেলা তিনটা পর্যন্ত অব্যাহত ছিল। টানা বৃষ্টিতে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর এলাকার নিচু জমি, ফসলের মাঠ ও সড়কে পানি জমেছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পাইকগাছায় ১৩ হাজার ১৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। বর্তমানে অনেক জমির ধান পেকে গেলেও বৃষ্টির কারণে কৃষকেরা তা কাটতে পারছেন না। অতিরিক্ত আর্দ্রতায় ধানের মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। এ ছাড়া মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম ও টমেটোর খেতে পানি জমে চারা নষ্ট হওয়া ও গোড়ায় পচন ধরার ঝুঁকি তৈরি হয়েছে।
বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে উপজেলার ১৪টি ইটভাটা। খোলা মাঠে শুকানোর জন্য রাখা লাখ লাখ কাঁচা ইট ভিজে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন ভাটামালিকেরা। এতে কোটি টাকার লোকসানের আশঙ্কা করছেন এসএমবি ব্রিকসের মালিক এস এম নাজমুল হুদা, যমুনা ব্রিকসের মালিক মাহবুবুর রহমান ও বিবিএম ব্রিকসের মালিক খলিলুর রহমান।

এদিকে টানা বৃষ্টিতে দিনমজুর, ভ্যান ও ইজিবাইকচালক এবং নির্মাণশ্রমিকদের আয় বন্ধ হয়ে গেছে। ভ্যানচালক আবু তালেব, সুবহান ও জাহাঙ্গীর বলেন, ‘টানা তিন দিন বৃষ্টির কারণে ভ্যান নিয়ে বের হতে পারিনি। আয়-রোজগার বন্ধ থাকায় সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।’

পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হোসেন বলেন, ‘মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আমন ধান এখনো কাটা শুরু না হওয়ায় বড় ক্ষতির আশঙ্কা কম। তবে কিছু সরিষা খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব ও বৃষ্টি পরিস্থিতি নিয়ে প্রশাসনের সার্বিক নজরদারি রয়েছে।