ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর ও শৈলকূপা উপজেলায় বজ্রপাতে আন্না খাতুন ( ৪০) নামে এক গৃহবধূ ও আসাদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর ও শৈলকূপ উপজেলার মুখদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসাদুল ইসলাম ফরিদপুরের কানাইপুরে ভাড়া বাসায় বসবাস করেন। তিনি কুষ্টিয়ার স্থায়ী বাসিন্দা। ধানকাটা শ্রমিক হিসেবে তিনি ঝিনাইদহে কাজ করতে এসেছিলেন। ওই নারী বাড়িতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন।
মায়াধরপুর গ্রামের বাসিন্দারা জানান, সোমবার ৬টার দিকে আকস্মিক ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় মাঠে ধান কাটা ও বাঁধার কাজ করছিলেন কৃষকরা। হঠাৎ বজ্রপাতে দুই কৃষক আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কৃষক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর কৃষক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে, একই সময় বজ্রপাতে সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর, দোগাছি গ্রামে বজ্রপাতে আরও তিন নারীসহ চারজন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে অন্যান্য আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার ফারিহা তাহসিন বলেন, হাসপাতালে পৌছানোর আগেই একজনের মৃত্যু হয়েছে। অন্যান্য আহতরা সুস্থ আছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান বলেন, ‘বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পরে ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি জিডি হয়েছে।