মাগুরা প্রতিনিধি
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাগুরায় প্রায় ১২ হাজার মিটার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় একজনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২২ আগস্ট) দুপুরে মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া বাজার ও বুরাইল বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কুল্লিয়া বাজারে অপূর্ব রায়ের বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ১৩৫ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জালের পরিমাণ আনুমানিক দশ হাজার মিটার। এ ঘটনায় তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পরে বুরাইল বিলেও অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযান চালিয়ে আনুমানিক মোট ১২ হাজার মিটার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহার ও সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ। এ সময় পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।