স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি একেএম খয়রাত হোসেনসহ চারজনকে আটক করেছে পুলিশ। খয়রাত হোসেন বিমান অফিস মোড় এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।
অন্য আসামিরা হলেন, ছোট শেখহাটির গফফারের ছেলে রুবেল হোসেন, রামনগর ভাটপাড়ার রতন সরকারের ছেলে প্রহ্লাদ সরকার এবং বসুন্দিয়ার ঘুনি গ্রামের মৃত আব্দুল্লাহ মোল্লার ছেলে মাহাবুর রহমান।
গত শনিবার (২২ আগস্ট) রাতে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক খয়রাতকে গত বছরের ২৯ অক্টোবর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে আইএনবি ডিজিটাল সাইন নামের একটি প্রতিষ্ঠান থেকে যুবলীগের মিছিলের ব্যানার তৈরির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে, অপর তিনজনকে ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর সদর উপজেলার কানাইতলা গ্রামে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে চারজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।