যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ২৮ শয্যার স্বতন্ত্র সিসিইউ চালুর পথে, ৩৩ পদ সৃজন

সৈয়দ শাহ মোস্তফা হাসমী

, যশোর

প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০৮:৩৩ পিএম
আপডেট : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ১০:৫০ পিএম
যশোরে ২৮ শয্যার স্বতন্ত্র সিসিইউ চালুর পথে, ৩৩ পদ সৃজন

যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৮ শয্যার স্বতন্ত্র করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গভাবে চালুর প্রক্রিয়া এগিয়েছে। ইউনিটটির জন্য রাজস্ব খাতে ৩৩টি পদ সৃজনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা মনোয়ার স্বাক্ষরিত এ-সংক্রান্ত স্মারক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছায়।

হাসপাতাল সূত্র জানায়, যশোরে হৃদরোগীদের জরুরি ও উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরেই একটি পূর্ণাঙ্গ সিসিইউ চালুর দাবি ছিল।

২০০৫ সালে তৎকালীন মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের উদ্যোগে হাসপাতালের পূর্ব পাশে স্বতন্ত্র সিসিইউ ভবন নির্মাণের কার্যক্রম শুরু হয়। ভবন নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও আনা হয়।

তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ইউনিটটির কার্যক্রম থেমে যায়।

পরবর্তী সময়ে সিসিইউটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবি আবারও জোরালো হয়। বর্তমানে ৩৩টি পদ সৃজনের অনুমোদনের মধ্য দিয়ে ইউনিটটি চালুর প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের আশা, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত করা গেলে দ্রুতই ইউনিটটি চালু করা সম্ভব হবে। এতে যশোর ও আশপাশের জেলার হৃদরোগীরা স্থানীয় পর্যায়েই উন্নত চিকিৎসার সুযোগ পাবেন।

অনুমোদিত ৩৩টি পদের মধ্যে ২০টি স্থায়ী এবং ১৩টি বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ী পদ। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ছয়টি-সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ১টি, সিনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ১টি, জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ২টি এবং জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ১টি।

এছাড়া সহকারী রেজিস্ট্রার ২টি, অ্যানেসথেটিস্ট ১টি, মেডিকেল অফিসার ১২টি, নার্সিং সুপারভাইজার ১টি, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ২টি, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) ১টি, ফার্মাসিস্ট (ডিপ্লোমা) ১টি, কম্পিউটার অপারেটর ২টি, পরিসংখ্যান কর্মকর্তা ১টি, স্টোর কিপার ১টি, ফার্মেসি সহকারী ১টি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১টি, টিকিট ক্লার্ক ১টি এবং রিসেপশনিস্ট/অভ্যর্থনাকারী ১টি পদ রয়েছে।

তবে পদগুলো সৃজন ও নিয়োগের আগে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি এবং বেতনস্কেল ভেটিং নিতে হবে। পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে।

ক্যাডার পদ স্থায়ীভাবে সৃজনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদন এবং সংশ্লিষ্ট কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলসের তফসিলে প্রয়োজনীয় সংশোধন করতে হবে।

অস্থায়ী পদের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৩ সালের নির্দেশনা অনুসরণ করতে হবে।

এ ছাড়া যেসব পদের বিষয়ে নিয়োগ বিধিমালায় বিধান নেই, সেগুলো অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় সংশোধন এবং পদ সৃজনের পর সাংগঠনিক কাঠামো হালনাগাদ করতে বলা হয়েছে।

সিসিইউর সিনিয়র স্টাফ নার্সের পদ হাসপাতালের বিদ্যমান সিনিয়র স্টাফ নার্স পদের সঙ্গে সমন্বয়ের কথাও স্মারকে উল্লেখ করা হয়েছে।

শেখাটি-বাবলাতলা এলাকার বাসিন্দা নিজামুদ্দিন বলেন, স্থানীয়ভাবে হৃদরোগের উন্নত চিকিৎসার সুযোগ না থাকায় রোগীদের ঢাকা বা অন্য জেলায় নিতে হতো। এতে সময় ও অর্থ দুটিই বেশি লাগত।

অনেক সময় হাসপাতালে নেওয়ার পথেই রোগীর মৃত্যু হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও করোনারি কেয়ার ইউনিটের প্রকল্প পরিচালক ডা. হুসাইন শাফায়েত বলেন, ‘সোমবার (২৪ আগস্ট) দুপুরে অনুমোদনের স্মারক পেয়েছি।

এখন দ্রুত জনবল নিয়োগ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতের কাজ করা হবে। এরপর সিসিইউটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।’

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুল স্যাদিক রাসেল বলেন, সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের সন্তান এবং বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরবাসীর স্বার্থ বিবেচনায় সিসিইউটি পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেন।

তার উদ্যোগেই এ অগ্রগতি হয়েছে। তিনি বলেন, ‘চলতি বছরের মধ্যেই যশোরবাসীর জন্য করোনারি কেয়ার ইউনিটটি চালু করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)