অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে হাত-পা হারানো অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে কৃত্রিম হাত-পা সংযোগের মধ্য দিয়ে ‘নতুন কদম অঙ্গ শিবির’ অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে আকিজ জুটমিলস লিমিটেড চত্বরে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে মিল কর্তৃপক্ষ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। প্রধান অতিথি সেবাগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ শেষে বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আকিজ ইনসাফের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন, ইংল্যান্ডের ডুডলি গ্রুপ অব হসপিটালের অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. ভিকুয়ারা কুরেশি, আকিজ জুটমিলের জেনারেল ম্যানেজার আবু জাফর প্রামাণিক এবং ব্যবস্থাপক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) সুব্রত শর্মা।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এটি শুধু কৃত্রিম অঙ্গ সংযোজনই নয়, বরং অসহায় মানুষকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে।