কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে পাগলা কুকুরের আক্রমণে ২৪ ঘণ্টায় নারী-শিশুসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত পৌর এলাকার নিশ্চিন্তপুর, মধুগঞ্জ বাজারের ঢাকালেপাড়া এবং আশপাশের বিভিন্ন এলাকার মানুষ কুকুরের কামড়ের শিকার হন।
শুক্রবার সকাল থেকেই দুইটি কুকুর হঠাৎ বেপরোয়া হয়ে ওঠে এবং পথচারী ও এলাকাবাসীর ওপর হামলা চালাতে শুরু করে। এতে নিশ্চিন্তপুর হাইস্কুল পাড়ার চা বিক্রেতা পলাশ, পথচারী গোবিন্দ, অসিতের স্ত্রী, শিশু অর্ক এবং মধুগঞ্জ বাজারের হাসানুজ্জামানের মেয়ে সিনথিসহ অনেকেই আহত হন।
আহতরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন স্থানীয় ক্লিনিকে গেলেও সেখানে ভ্যাকসিন না থাকায় দুর্ভোগে পড়ে। অনেককেই বাধ্য হয়ে বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হয়েছে।
এদিকে, উপদ্রব ঠেকাতে স্থানীয়রা শুক্রবার রাতে সংঘবদ্ধ হয়ে একটি কুকুরকে পিটিয়ে মেরে ফেলে। আরেকটি কুকুরকে খুঁজে পাওয়া যায়নি। এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অরুণ কুমার জানান, দুই দিনে ২২ জনের বেশি আহত ব্যক্তি হাসপাতালে এসেছেন। যাদের মধ্যে ঝুঁকিপূর্ণ রোগীও রয়েছে। বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রে কোনো ভ্যাকসিন মজুদ নেই। এজন্য রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ভ্যাকসিন সংকট থাকলেও যারা আমার কাছে এসেছেন, তাদের বাজার থেকে ভ্যাকসিন কিনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুব দ্রুতই স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হবে বলে তিনি জানান।