সাতক্ষীরা প্রতিনিধি
নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য সুরক্ষিত, সুস্থ ও কর্মক্ষম রাখতে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা সভা করেছে জাতীয় মহিলা সংস্থা। সাতক্ষীরা সদর উপজেলার মুনজিতপুর জেলা কার্যালয়ে বুধবার (৮ জুন) এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
জাতীয় মহিলা সংস্থার সাতক্ষীরা জেলা কর্মকর্তা আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালেক্টরেটের সহকারী কমিশনার সুমাইয়া রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীর শারীরিক ও মানসিক সুস্থতা পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্যতম ভিত্তি। নারীর স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, কুসংস্কার দূরীকরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মুখ্য দায়িত্ব পালন করতে পারে তার পরিবারের সদস্যরা বিশেষ করে মা। আর যে কোন স্বাস্থ্য সমস্যা দেখা দিলেই শুরুতে প্রতিকার করতে হবে।
মুখ্য আলোচক মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা নারীর প্রজনন স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা এবং মানসিক সুস্থতার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, 'সুস্বাস্থ্য নারীর অধিকার। নারীরা ত্যাগের প্রতীক, তাই নিজের স্বাস্থ্যের ব্যাপারে তাদের অত্যন্ত সচেতন হতে হবে। আমাদের শারীরিক, মানসিক ও সামাজিক-এই তিন দিকের স্বাস্থ্য নিশ্চিত করা প্রয়োজন।'
তিনি হট ফ্লাশ ও মুড সুইংয়ের মতো সমস্যায় পারিবারিক সহায়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ক্ষেত্রে কিশোরীদের মানসিক চাপ প্রয়োগ না করে সঠিক যৌনশিক্ষা প্রদান এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা সামাজিক কুসংস্কারের কারণে নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্যের ওপর পড়া নেতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরেন এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার রিসোর্সপার্সন সুলতান মাহমুদ।