পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আরও গতিশীল ও কার্যকর করতে স্বাস্থ্য সহায়তাকারীদের ৩১টি সাইড ব্যাগ বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ আনুষ্ঠানিকভাবে এ ব্যাগ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) দেশের অন্যতম সফল জনস্বাস্থ্য কর্মসূচি। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী স্বাস্থ্য সহায়তাকারীদের কাজ আরও সহজ ও সুশৃঙ্খল করতে এসব সাইডব্যাগ প্রদান করা হয়েছে। ব্যাগগুলো ব্যবহার করে তারা বিভিন্ন টিকাদান কেন্দ্রে টিকা, প্রয়োজনীয় সরঞ্জাম, নিবন্ধনপত্র ও অন্যান্য উপকরণ নিরাপদে বহন করতে পারবেন। এর ফলে ইপিআই কার্যক্রমের দক্ষতা ও সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের এরিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. তানভীর, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ, প্রোগ্রাম অফিসার শিল্পী রায়, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্য সহায়তাকারীরা।