সুবর্ণভূমি ডেস্ক
দ্য কাঠমাণ্ডু পোস্ট
ছবি:
নেপালে আকস্মিক বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার তাদের উদ্ধার করা হয়। এতে টানেলের ভেতরে আরও কয়েকজন জীবিত থাকতে পারেন বলে আশাবাদ তৈরি হয়েছে।
উদ্ধার হওয়া দুজন হলেন প্রকল্পের যান্ত্রিক বিভাগের ফোরম্যান সঞ্জয় সাহ ও সুপারভাইজার কবির মহার্জন। শুক্রবার এ তথ্য জানান রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) আইনপ্রণেতা ও প্রকৌশলী শ্রী রাম নেউপানে। বন্যার পর ২৬ আগস্ট থেকে তিনি উদ্ধার অভিযানে যুক্ত রয়েছেন।
নেউপানে জানান, শুক্রবার প্রথমে সঞ্জয় সাহকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা হয় কবির মহার্জনকে। টানেলের ভেতরে আরও কয়েকজন থাকতে পারেন, এমন তথ্য পাওয়ার পর উদ্ধারকারীরা অনুসন্ধান অব্যাহত রেখেছেন।
এর আগে টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শোনার পর উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়। উদ্ধারকারীরা ভেতরে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপনেও সক্ষম হন। এরপর নেপালি সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনী টানেলের ভেতরে পৌঁছানোর প্রচেষ্টা জোরদার করে।
নেউপানে বলেন, উদ্ধারকারী দল টানেলের ভেতরে থাকা ব্যক্তিদের উদ্দেশে বলেছিল, ‘আতঙ্কিত হবেন না, আমরা আপনাদের উদ্ধার করতে এসেছি।’ জবাবে ভেতর থেকে বলা হয়, ‘ঠিক আছে।’
পরে উদ্ধারকারীরা নিশ্চিত হন, টানেলের ভেতরে একাধিক ব্যক্তি আটকা পড়ে আছেন।
গত ২৬ আগস্ট আকস্মিক বন্যায় ত্রিশূলী নদীর উপত্যকা ব্যাপকভাবে প্লাবিত হয়। এতে এক হাজার ২৫২ জন নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প ও গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগব্যবস্থা।

বন্যার পর থেকে দুর্গম ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও টানেলসহ বিভিন্ন স্থাপনায় আটকা পড়া ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
সূত্র: দ্য কাঠমাণ্ডু পোস্ট