যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় স্থানান্তরকালে ৪০ বস্তা সারসহ নছিমন আটক

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০১:৪৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৬ পিএম
লোহাগড়ায় স্থানান্তরকালে ৪০ বস্তা সারসহ নছিমন আটক

নড়াইলের লোহাগড়ায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের অভিযোগে ৪০ বস্তা সারসহ একটি নছিমন আটক করেছে স্থানীয় জনতা। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালনা-লাহুড়িয়া আঞ্চলিক সড়কের শালনগর ইউনিয়নের মাকড়াইল এলাকার ভিট বটতলা থেকে সারবোঝাই নছিমনটি আটক করা হয়।

স্থানীয়রা জানান, নছিমনটি আটক করে তারা প্রশাসনকে খবর দেন। পরে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা ও লোহাগড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪০ বস্তা সারসহ নছিমনটি জব্দ করেন। পরে জব্দ করা সার উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাহুড়িয়া বাজারের সারের সাব-ডিলার মো. আলিম শেখের দোকানে নেওয়ার জন্য এসব সার নড়াইল সদর উপজেলার ফেদি বাজারের কয়েকটি দোকান থেকে কেনা হয়েছিল। তবে সারগুলো অবৈধভাবে পাচার করা হচ্ছিল কি না, তা তদন্তাধীন রয়েছে।

আলিম শেখ লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়ার মৃত সিদ্দিক শেখের ছেলে। জানতে চাইলে তিনি বলেন, ‘এলাকায় কৃষকদের মধ্যে সারসংকট রয়েছে। আমার দোকানেও সার ছিল না। এ কারণে ফেদি বাজারের চার-পাঁচটি দোকান থেকে ৪০ বস্তা সার কিনে নছিমনে করে নিয়ে আসছিলাম। পথে স্থানীয়রা গাড়িটি আটক করেন।’

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সারসহ নছিমনটি জব্দ করা হয়েছে। সার পাচারের বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, জব্দ করা সার রাতেই উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। অভিযুক্ত সার ডিলারের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)