পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
মৎস্যসম্পদের উন্নয়ন ও প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় খুলনার পাইকগাছায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কার্যক্রম বাস্তবায়ন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম এমদাদুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি আলতাফ হোসেন, বিএনপি নেতা মোল্লা ইউনুস আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৪০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৩৪ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এ কার্যক্রমের ফলে জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন বাড়ার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জন্য মাছের সহজলভ্যতা বাড়বে। একই সঙ্গে মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায়ও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।