যশোর, বাংলাদেশ || রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হামে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১০

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ১২:৩৯ পিএম
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০১:৫৭ পিএম
হামে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১০

যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০-এ দাঁড়িয়েছে। শুক্রবার পেনসিলভানিয়া ও উইসকনসিনে নতুন করে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে উইসকনসিনে মারা গেছে এক শিশু। আর পেনসিলভানিয়ায় মৃত ব্যক্তি ছিলেন মন্টুর কাউন্টির এক বাসিন্দা।

চলতি বছরে পেনসিলভানিয়ায় সাতজন, উইসকনসিনে দুজন এবং নিউইয়র্কে একজন হামে মারা গেছেন। রাজ্যগুলোতে তিন দশকের বেশি সময় পর এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটলো।

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় পাঁচ হাজার ৪০০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং ১৯৯১ সালের পর সর্বোচ্চ। টিকাদানের হার কমে যাওয়া এবং বিশ্বজুড়ে ভাইরাসটির পুনরুত্থানকে সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

২০০০ সালে যুক্তরাষ্ট্রকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে টানা এক বছর ধরে সংক্রমণ চলতে থাকায় দেশটি সেই মর্যাদা হারানোর ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো) সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে। আগামী মঙ্গলবার এ সিদ্ধান্ত জানানো হতে পারে।

এদিকে, টিকা নেওয়ার বয়স হয়নি—এমন শিশুরাও সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। চলতি বছরে হামে মৃতদের অন্তত চারজনের বয়স এত কম ছিল যে তাদের টিকা দেওয়ার সুযোগ হয়নি। পরিস্থিতি মোকাবিলায় পেনসিলভানিয়া ও উইসকনসিনের উচ্চ সংক্রমণপ্রবণ এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের আগাম টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাধারণত শিশুদের প্রথম ডোজ দেওয়া হয় এক বছর বয়সে এবং দ্বিতীয় ডোজ চার থেকে ছয় বছর বয়সে। দুই ডোজ টিকা হামের বিরুদ্ধে ৯৭ শতাংশ কার্যকর।

এনবিসি নিউজের এক অনুসন্ধানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ কাউন্টি ও প্রশাসনিক এলাকায় হামের টিকাদানের হার প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনীয় ৯৫ শতাংশের নিচে। দেশটিতে কিন্ডারগার্টেনে পড়ুয়া শিশুদের টিকাদানের হার ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৯৫ শতাংশ থাকলেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তা কমে ৯২ শতাংশে নেমেছে।

সূত্র: এনবিসি নিউজ

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)