স্টাফ রিপোর্টার
, যশোর
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে যশোর জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আরএন রোড এলাকায় গিয়ে এটি শেষ হয়।
মিছিল শেষে আরএন রোডে ঢাকা ব্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগর। নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলামের সঞ্চালনায় এতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতারা বলেন, কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তারা।
এর আগে, নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়কে মোটরসাইকেল মহড়া দেন। এ ছাড়া দিনভর জেলা বিএনপি কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।