স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, শংকরপুর এলাকার আলোচিত রাজা এবং তার দুই সহযোগী বৃষ্টি ও জারা। শনিবার রাতে যশোর জেনারেল হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সম্প্রতি নড়াইল কালিয়ার এক যুবক ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে রাজা ওই যুবকের সঙ্গে যোগাযোগ করে ল্যাপটপটি বিক্রির জন্য তাকে যশোরে আসতে বলেন। ওই যুবক ল্যাপটপ নিয়ে যশোরে এলে রাজা তাকে একটি ঘরে নিয়ে আটকে রাখেন।
অভিযোগ রয়েছে, সেখানে বৃষ্টি ও জারাকে ব্যবহার করে ওই যুবকের সঙ্গে আপত্তিকর ছবি তোলা হয়।
পরে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ল্যাপটপ নিয়ে নেওয়া হয়। একইসঙ্গে তার পরিবারের সদস্যদের ফোন করে টাকাও আদায় করা হয়। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী যুবকের পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ওই যুবককে উদ্ধার করে তারা যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে থানার এসআই আল আমিন তদন্ত শুরু করেন। তদন্তের এক পর্যায়ে শুক্রবার দিবাগত রাতে যশোর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে প্রথমে রাজাকে আটক করা হয়। পরে একই জায়গা থেকে বৃষ্টি এবং জারাকেও আটক করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই আল আমিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী যুবক থানায় মামলা করবেন। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, চক্রটি নারীদের ব্যবহার করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলেন। পরে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা, মূল্যবান সামগ্রীসহ বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং এর আগেও তারা আটক হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।