ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
'জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী উপলক্ষে যশোরের ঝিকরগাছায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাংশ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. অলিয়ার রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়ালীয়ার রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেন ও কামরুজ্জামান, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিতা রানী বাড়ই এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রশীদ।
আলোচনা সভা শেষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।