স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের শার্শা ও বেনাপোলে পৃথক অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৯৭ বোতল অবৈধ উইনসেরেক্স কফ সিরাপসহ দুইজনকে আটকের দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে শার্শা উপজেলার জিবলীতলা আইসি ক্যাম্প মোড়সংলগ্ন নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর। এ সময় মো. আব্দুল কাদের (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আব্দুল কাদের বেনাপোল পোর্ট থানার বুজতলা পূর্বপাড়ার মৃত ইমান আলী মণ্ডলের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অন্যদিকে, সোমবার (১০ আগস্ট) ভোরে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে সুজন মোড়ল (৩১) নামে এক যুবককে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০ মিলিলিটার ধারণক্ষমতার ৯৭ বোতল উইনসেরেক্স কফ সিরাপ ও ভিভো ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৯৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
সুজন মোড়ল ভবেরবেড় পশ্চিমপাড়ার মৃত শফি মোড়লের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।