স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের অভয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে এক হাজার ৪১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে। গ্রেপ্তার আকাশ বিশ্বাস (২৯) উপজেলার নওয়াপাড়া দক্ষিণপাড়ার নফুর বিশ্বাসের ছেলে আর সুমন মোল্লা (৩১) নওয়াপাড়া এলাকার ফারুক মোল্লার ছেলে।
অভয়নগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুজ্জামান জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে গত ৮ আগস্ট বেলা ১২টার দিকে নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নওয়াপাড়ার বেঙ্গল গেটের পাশের জনৈক হাফিজুর রহমান বাড়ির সামনে থেকে আকাশ ও সুমন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে এক হাজার ৪১৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, আকাশ বিশ্বাসের (২৯) নামে ছয়টি ও সুমন মোল্লার (৩১) নামে কয়েকটি মাদকের মামলা রয়েছে।
রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।