মাগুরা প্রতিনিধি
এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করে জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করায় মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মাগুরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলটি থেকে এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদেরকে অনুষ্ঠানে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় কেক কেটে শতভাগ সাফল্য উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সহীলুদ্দিন, পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন ফরহাদ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের বক্তারা এই সাফল্য অর্জনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান, পাশাপাশি এ ধারা অব্যাহত রাখার অভিপ্রায় ব্যক্ত করেন।
স্কুলটি থেকে ৯৮ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই শতভাগ কৃতকার্য হয়। এরমধ্যে ৪২ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে।