নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে রাজধানীসহ কয়েকটি জেলায় বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। পিংক রঙের এসব বাসে নারী চালক ও কন্ডাক্টর দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে একটি রুটে দুটি বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাসসহ মোট ১৪টি বাস ১৩টি রুটে চলাচল করবে।
তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী দিনে এই রুট আরও সম্প্রসারিত করা এবং বাসের সংখ্যা বাড়ানো। বর্তমানে নারী যাত্রীরা যে পরিবেশ পাচ্ছেন, সেটিকে আরও উন্নত করা হবে। নারী যাত্রীরা যেন এসব বাসে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে পিংক বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। এসব বাস নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল রুটে চলাচল করবে। পাশাপাশি গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস পরিচালনার কথা রয়েছে।
নতুনবাজার থেকে মতিঝিলগামী বাস কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে। এ ছাড়া মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও আব্দুল্লাহপুর থেকে চলাচলকারী বাসগুলো রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করবে।
রাজধানীর বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলাচল করবে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে চলাচল করবে।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এই সেবা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।