মাগুরা প্রতিনিধি
মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টেও বহাল থাকায় স্বস্তি প্রকাশ করেছে আছিয়ার পরিবার। একই সঙ্গে দ্রুত রায় কার্যকর এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন নিহত আছিয়ার মা আয়েশা আক্তার।
মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের বাড়িতে গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আয়েশা আক্তার বলেন, হিটু শেখের ফাঁসির আদেশ বহাল হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। দ্রুত এ রায় কার্যকর দেখতে চান তিনি। একই সঙ্গে পরিবারের নিরাপত্তার বিষয়টি প্রশাসনকে গুরুত্ব দিয়ে দেখারও দাবি জানান তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালের ৬ মার্চ রাতে মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখের ধর্ষণের শিকার হয়ে গুরুতর আহত হয় আট বছর বয়সী শিশু আছিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ ও আন্দোলন শুরু হয়।
নিহত আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। আলোচিত এ মামলায় বিচারিক আদালত ১৩ কার্যদিবসে বিচারকাজ শেষে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন।
পরে ওই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ হাইকোর্টে আবেদন করে। শুনানি শেষে আজ হাইকোর্ট হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখেন।