স্টাফ রিপোর্টার
, যশোর
মালয়েশিয়া থেকে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই যশোরের ঝিকরগাছায় এক প্রবাসী যুবককে চা খাওয়ার কথা বলে ডেকে নিয়ে মারধর এবং ৫ লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী রয়েল (২৬) ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের দাউদ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। গত ২৫ আগস্ট তিনি দেশে ফেরেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দেশে ফেরার পর অন্নক (৩২) চা খাওয়ার কথা বলে রয়েলকে মোটরসাইকেলে করে বেনাপোলের বারোপোতা এলাকায় নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান করা মিন্টু (৩৪), তপু (৩০) ও আরও পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে তার কাছে ৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে আহত করা হয় বলে অভিযোগ করেন রয়েল। এ সময় তার কাছে থাকা ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থলে একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। মোটরসাইকেলটি বর্তমানে বেনাপোল পোর্ট থানায় রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় লোকজন ও স্বজনদের সহযোগিতায় আহত রয়েলকে রাতে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রাত ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।