দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে সাতক্ষীরার দেবহাটায় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম ও জুলাই যোদ্ধা মুজাহিদ বীন ফিরোজ প্রমুখ।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সংগীত, আবৃত্তি ও নৃত্যসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।
আয়োজকেরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।