মাগুরা প্রতিনিধি
দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা মনোয়ার হোসেন খান। তিনি বলেছেন, দেশের স্বার্থে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। উন্নয়নের স্বার্থে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
রোববার সকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে সভায় পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল ইসলাম, সিভিল সার্জন ডা. শামীম কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি অ্যাডভোকেট আহম্মেদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোল্লা আবু সাইদ, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আবু সাঈদ, মাগুরা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, জেলা ইসলামী আন্দোলনের প্রতিনিধি মোস্তফা কামালসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বাল্যবিবাহ, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, মাদক চোরাচালান, খাদ্যে ভেজাল, দ্রব্যমূল্য বৃদ্ধি, ভোক্তা অধিকার সংরক্ষণ, খুন, ডাকাতি ও অ্যাসিড নিক্ষেপসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় এমপি মনোয়ার হোসেন খান বলেন, দেশের সার্বিক উন্নয়ন অনেকাংশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভরশীল। দেশের স্বার্থে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। তিনি দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি সারসহ বিভিন্ন বিষয়ে সম্ভাব্য অনিয়ম ও ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় গত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে প্রবেশের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।