অভয়নগর (যশোর) প্রতিনিধি
‘আত্মসাতের টাকা’ ফেরত পাওয়া ও ফেসবুকে অপপ্রচার বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেছেন যশোরের নওয়াপাড়ার ব্যবসায়ী নুরুজ্জামান রিপন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে রিপন অভিযোগ করেন, নওয়াপাড়া স্টেশন বাজারে তিনি নিজের ‘জেপিএন ট্রেড ইন্টারন্যাশনাল’ প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কয়লা, গম ও খাদ্যশস্যের ব্যবসা করছেন।
তিনি দাবি করেন, একই এলাকার ব্যবসায়ী আবুল হাসান তার প্রতিষ্ঠান থেকে পণ্য কেনার সূত্রে সাড়ে ১৫ লাখ টাকা আত্মসাৎ করে নওয়াপাড়া ছেড়ে যান।
টাকা ফেরত চাইলে আবুল হাসান ফেসবুকে তার বিরুদ্ধে অপপ্রচার ও হত্যার হুমকি দেন।
এ ঘটনায় তিনি অভয়নগর থানায় জিডি এবং আবুল হাসানের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন বলে জানান।
আবুল হাসানকে আটক করে আইনের আওতায় আনার দাবি জানান রিপন ।
তবে অভিযোগ অস্বীকার করে আবুল হাসান ফোনে বলেন, রিপন তার কাছ থেকে ১৫ লাখ টাকা ধার নিয়েছেন।
ওই টাকা পরিশোধ না করা পর্যন্ত ফেসবুকে অপপ্রচারের পাশাপাশি তাকে নওয়াপাড়া থেকে ‘নিশ্চিহ্ন’ করার সব ধরনের কাজ অব্যাহত থাকবে বলে তিনি সোজা জানিয়ে দেন।