কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গত ২২ আগস্ট উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বাদুড়িয়া মোড় এলাকায় নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় জড়িত থাকার অভিযোগে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য সুভাষ দেবনাথ (৫৫), ইউপি সদস্য আব্দুস সবুর শেখ (৫২) এবং গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দীনকে (৫০) তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এ ছাড়া একই রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে পৌর শহরের ত্রিমোহিনী মোড় থেকে মণিরামপুর উপজেলার ইব্রাহিম হোসেনকে (২৮) ৭০টি ইয়াবাসহ আটক করা হয়।
সাতবাড়িয়া এলাকা থেকে দিপু (২৮) নামের আরও একজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলার তিন আসামিসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মঙ্গলবার যশোরের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।