স্টাফ রিপোর্টার
, যশোর
গভীর রাতে প্রকাশ্যে চিৎকার চেঁচামেচি এবং দৃশ্যমান কারণ ছাড়া রেলস্টেশন প্লাটফর্মে ঘোরাফেরার অভিযোগে দুইজনকে সাজা দিয়েছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত।
১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম ওই দুইজনকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে যশোর রেলস্টেশন প্লাটফর্মে ঘোরাফেরা করছিলেন সাকিব হাসান (১৯) নামে এক যুবক। রেলপুলিশ তাকে ঘোরাফেরার কারণ জানতে চাইলে তিনি কিছু বলেননি। ফলে তাকে আটক করা হয়। সাকিব হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে পাঠালে ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম তাকে তিনদিনের কারাদণ্ড দেন। সাকিব যশোর শহরের সরকারি মুরগির খামার এলাকার বাপ্পী হোসেনের ছেলে।
অন্যদিকে সোমবার দিবাগত রাত একটার দিকে রেলস্টেশন বাজার এলাকায় উচ্চস্বরে কথাবার্তা ও চিৎকার চেঁচামেচি করে জনগণের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছিলেন ইমন হীরা নামে এক যুবক। তিনি খুলনা নিউমার্কেট এলাকার রবের গলির বাবুলের বাড়ির ভাড়াটিয়া রুবেল হীরার ছেলে। তাকে আটক করেন কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম।
মঙ্গলবার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে পেশ করা হলে বিচারক ইমন হীরাকে পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেন।