কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় রাজিব কুমার ঘোষ (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ (শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) আদালতের বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ঘোষ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ গ্রামের জয় ঘোষের ছেলে।
মামলার বিবরণে বলা হয়, আসামি রাজিব দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। সাড়া না পেয়ে ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে কিশোরীর বাবা-মায়ের অনুপস্থিতিতে তার বাড়িতে ঢুকে রাজিব তাকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানালে বিয়ে করার অঙ্গীকারও করেন তিনি। এরপর থেকে বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে একাধিকবার ওই কিশোরীকে ধর্ষণ করেন তিনি। পরবর্তী সময়ে বিয়ের জন্য চাপ দিলে রাজিব তা অস্বীকার করেন।
এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে ২০২২ সালের ১১ ডিসেম্বর মিরপুর থানায় রাজিবের বিরুদ্ধে মামলা করে।
তদন্ত শেষে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মুরাদুল ইসলাম ২০২২ সালের ৩০ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় রাজিব কুমার ঘোষের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবদুল মজিদ জানান, সাক্ষ্য-প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।