মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা, ভারতীয় কসমেটিকস ও একজন বাংলাদেশি নাগরিককে আটকের দাবি করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) বলছে, রোববার (৪ অক্টোবর) ভোরে মহেশপুর সীমান্ত চারাতলাপাড়া গ্রামের মাঠে অভিযান চালানো হয়। সুবেদার আব্দুস ছালামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে আব্দুল আজিজ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল ১৬ বোতল ভারতীয় ফেয়ারডিল কফ সিরাপ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এদিকে, বিজিবির ভাষ্য, গত ৩ অক্টোবর দুপুরে গয়েশপুর গ্রামের কুলপাড়া মাঠের হালিমের আমবাগানে অভিযান চালিয়ে ২৭ প্যাকেট ভারতীয় কিউটিপ্যাক কসমেটিকস উদ্ধার করা হয়। নায়েক মো. হারুনের নেতৃত্বে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, একই দিন বিকেলে বাঘাডাঙ্গা গ্রামের বাজারপাড়ায় অভিযান চালায় বিজিবি। সুবেদার ওমর আলীর নেতৃত্বে নিয়মিত টহলকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।