দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূলহোতা হিসেবে অভিযুক্ত আছাফুর রহমান (৫৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আছাফুর রহমান কদমখালী গ্রামের কফিল উদ্দীনের ছেলে।
দেবহাটা থানা পুলিশ জানায়, এসআই মো. ইব্রাহিম মোল্ল্যার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আছাফুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দেবহাটা উপজেলার কদমখালী-শশাডাঙ্গা এলাকায় একটি পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় অস্ত্রের মুখে খামার মালিকের স্বজনদের জিম্মি করে প্রায় ৬৫০টি সোনালি মুরগি, মুরগির খাবার, ব্যাটারি, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এ ঘটনায় মামলা গ্রহণ করে। পরে অভিযান চালিয়ে লুটপাটের ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আছাফুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি আছাফুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।