স্টাফ রিপোর্টার
ডেঙ্গু জ্বরের প্রকোপ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে সচেতনতামূলক র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা।
রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে থেকে র্যালিটি বের করা হয়। এতে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বেলাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও ব্যক্তিগত সচেতনতা জরুরি। বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। নিজ নিজ বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজনন রোধ করা সম্ভব। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচি শেষে প্রেসক্লাব যশোরের সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উকিল বার, প্যারিস রোড ও দড়াটানা হয়ে পুনরায় উকিল বারে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও জনসচেতনতামূলক বিভিন্ন বার্তাসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূর ই আল মামুন, পেশাজীবী থানা শাখার সভাপতি খন্দকার রাশেদুজ্জামান রতন, শহর জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি ইমরান হোসেন প্রমুখ।
বক্তারা ডেঙ্গুর প্রকোপ থেকে জনসাধারণকে সুরক্ষিত রাখতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্ন ও মশকমুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।