কেশবপুর (যশোর) প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যশোরের কেশবপুর উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ৯ নম্বর গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসান পাশা।
রোববার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে কেশবপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে শেখ রুবেল হাসান পাশা বলেন, একটি মহল তার ও দলের সুনাম ক্ষুণ্ন করতে গত ২ অক্টোবর (২০২৬) ‘দৈনিক কেশবপুর আইডি’ নামের একটি ফেসবুক আইডিতে তাকে জড়িয়ে চাঁদা দাবির মিথ্যা তথ্য ছড়িয়েছে। ওই মিথ্যা তথ্য প্রচারের ফলে তাঁর সামাজিকভাবে মানহানি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় ওই ফেসবুক আইডির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে আদালতে মামলা করবেন বলেও জানান শেখ রুবেল হাসান পাশা।
তিনি বলেন, ৯ নম্বর গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গৌরীঘোনা ইউনিয়নে দলের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি দুইবার চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন। তাঁর দাবি, নির্বাচনে নিজের ভোট দিতে না পারলেও তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা এস এম হাবিব প্রতিটি ভোটকেন্দ্র জোরপূর্বক দখল করে নেওয়ার পরও প্রতিটি কেন্দ্র থেকে ৪০০-৫০০টি করে ভোট কেটে নেওয়া হয়। এরপরও তিনি সাড়ে চার হাজারের মতো ভোট পেয়েছিলেন বলে দাবি করেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে অংশ নেবেন বলেও সংবাদ সম্মেলনে জানান।
শেখ রুবেল হাসান পাশা আরও বলেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এসব তথ্যের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্তের দাবি জানান তিনি।
সঠিক তদন্ত হলে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গৌরীঘোনা ইউনিয়নের মো. মুজিবুর রহমান সরদার, মো. জামাল সরদার, শামীমুল আলম শামীম ও আশরাফ আলী সরদারসহ স্থানীয় নেতাকর্মীরা।